মিয়ানমারে বিজিপি’র হাতে অপহূত বিজিবি’র নায়েক আব্দুর রাজ্জাককে ফেরত দেয়া সংক্রান্ত আজ দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। মিয়ানমারের মংডুতে সকাল ১০টায় এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার সময় নির্ধারণ করা হয়েছে।
বিজিপি’র এক চিঠিতে নায়েক রাজ্জাককে ফেরতের বিষয়ে পতাকা বৈঠকের দিনক্ষণ নির্ধারণ ও বিজিবির পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নাম জানাতে বলা হয় বলে কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এম এম আনিসুর রহমান জানিয়েছেন। এ প্রেক্ষিতে বৃহস্পতিবার মংডুতে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে মঙ্গলবার রাতেই বিজিবি’র পক্ষ থেকে বিজিপির কাছে একটি পত্র পাঠিয়ে দেয়। পতাকা বৈঠকে বিজিবির ৫ সদস্যের টিমের নেতৃত্ব দিবেন ৪২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ। বিজিবি কক্সবাজার সেক্টরের মেজর আমিনুল ইসলাম গতকাল বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল পিলখানায় বিজিবি সদর দফতরে মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, মিয়ানমারে পতাকা বৈঠকে বিজিবি সদস্যরা যোগ দিবেন। আশাকরি তারা নায়েক রাজ্জাককে সঙ্গে করে নিয়ে আসবেন। তিনি বলেন, ‘কূটনৈতিকভাবে, এমনকি বিজিপির সঙ্গে আমাদের চুক্তির কথা উল্লেখ করেও এর প্রতিবাদ করা হয়েছে।
কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এম এম আনিসুর রহমান জানান, মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে থিন কো কো স্বাক্ষরিত একটি চিঠি মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে পৌঁছে। চিঠিতে নায়েক রাজ্জাককে ফেরতের বিষয়ে পতাকা বৈঠকের জন্য দিন, তারিখ নির্ধারণের পাশাপাশি পাঁচ সদস্যের বিজিবির প্রতিনিধি দলে কারা থাকবেন তা জানাতে বলা হয়। বিজিপি’র কাছে ৫ জনের একটি প্রতিনিধি দলের নাম পাঠানো হয়েছে।