রংপুরের মিঠাপুকুর উপজেলায় ডাকাত-পুলিশ সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ ডাকাত নূরল আমিন (৩২) বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাস্থল থেকে পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, আমিনুর ওরফে গাটু আমিনুল (২৮), জহুরুল ইসলাম (২৬), মনছুর আলী (৩৫), আলমগীর (৩৭) ও খলিল খাঁন (২২)।
জানা গেছে, বুধবার রাত ১২টার দিকে উপজেলার শঠিবাড়ী থেকে পুলিশের একটি টহল দল মিঠাপুকুরে আসছিল। এ সময় পুলিশের টহল দলটি আল ফারুক ইনস্টিটিউট এলাকায় ডাকাতের কবলে পড়ে। পুলিশ এ সময় ডাকাতদের ধাওয়া করলে তারা একটি লেগুনায় পালিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ করে ককটেল ছুড়ে মারে। পুলিশও পাল্টা গুলি চালালে নূরুল আমিন ওরফে নুর আমিন ওরফে নুর আলম ওরফে রুহুল আমিন নামে এক ডাকাত গুরুতর আহত হন। বৃহস্পতিবার দুপুরে তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নুর আলম উপজেলার লতিবপুর ইউনিয়নের খোসালপুর গ্রামের বাসিন্দা। ঘটনাস্থল থেকে ওই পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়েছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।