রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের ৬/এ নম্বর সড়কের একটি ড্রেন থেকে অজ্ঞাত (২৫) এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত আটটার দিকে লাশটি উদ্ধার করা হয়। তবে শুক্রবার সকাল আটটার দিকে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া বলেন, বৃষ্টির কারণে লাশটি ভেসে উঠে। স্থানীয় লোকজন খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। লাশের পঁচন ধরেছে। তরুনীর পরনে নীল ও লাল রংয়ের সালোয়ার ও কামিজ ছিল। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তাকে হত্যা করে ওই ড্রেনে ফেলে দেয় ঘাতকরা। নিহত তরুণীর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানোসহ সব ধরনের আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।