টাঙ্গাইলের ভূঞাপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে জোয়াদ আলী (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো দুইজন। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার গাবসারা ইউনিয়নের কালিপুর গ্রামে এই ঘটনা ঘটে। শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুইজনসহ নিহতের লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে।
নিহত জোয়াদ আলী উপজেলার গাবসারা ইউনিয়নের চন্ডীপুর গ্রামের কাঠ মোহর আলীর ছেলে।
ভূঞাপুর থানার ওসি ফজলুল কবির জানান, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার গাবসারা ইউনিয়নের কালিপুর গ্রামে গরু চুরি করার সময় তিন চোর স্থানীয়দের হাতে ধরা পড়ে। এ সময় তাদেরকে গণপিটুনি দেয়া হয়। এতে জোয়াদ আলী নামের একজনের মৃত্যু হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুইজনকে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে।