কুয়েতে শিয়া মসজিদে আত্মঘাতী হামলা, নিহত ২৫

 
কুয়েত সিটির ইমাম সাদিক মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ২৫ জন নিহত হয়েছেন। শিয়া মুসলমানদের মসজিদটিতে শুক্রবার জুমার নামাজ শেষ হওয়ার পর পরই আত্মঘাতী হামলাটি চালানো হয় বলে আল জাজিরার খবরে জানানো হয়েছে।
 
বিবিসির অনলাইনের খবরে বলা হচ্ছে, এক জন আত্মঘাতী হামলাকারী মসজিদটিতে বিস্ফোরণ ঘটায়। ইসলামিক স্টেট (আইএস) এর সাথে যুক্ত একটি জঙ্গি গ্রুপ হামলার দায় স্বীকার করেছে। 
 
বিবিসি জানিয়েছে, নিহত ২৫ জন ছাড়াও বিস্ফোরণে আরো ২০২ জন মুসল্লি আহত হয়েছেন। ভিডিওচিত্রে মসজিদের ভেতরে ঘন ধোঁয়া ও ধ্বংসস্তূপের আশপাশে বেশ কিছু মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।
 
তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, আহতদের মধ্যে অনেকেই মুমূর্ষু অবস্থায় রয়েছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।
 
মসজিদটির পাশের একটি হাসপাতালে বহু আহত মানুষকে ভর্তি করা হয়েছে।