হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে শুক্রবার এক যাত্রীর কাছ থেকে ৩ কেজি ৬০০ গ্রাম সোনা উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ। এ সময় দিদার হোসেন (৪০) নামের এক যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত সোনার মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিমানবন্দর শুল্ক হাউজের সহকারী কমিশনার রিয়াদুল ইসলাম বলেন, দুপুর ২টা ২০ মিনিটে সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট-পিজি ০৪০ যোগে বিমানবন্দরে অবতরণ করেন দিদার হোসেন। পরে গেট দিয়ে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে ও তার ব্যাগ তল্লাশি চালানো হয়। তখন দিদারের ব্যাগ থেকে ১১৬ গ্রাম ওজনের ৩১টি সোনার বার পাওয়া যায়।
তিনি বলেন, দিদারের বাড়ি ঢাকার অদূরে কেরানীগঞ্জে। এই সোনার বিষয়ে তার কাছে কোনো কাগজপত্র ও সদুত্তর না থাকায় তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি মামলা করা হয় বলেও জানান তিনি।
বিমানবন্দরে সাড়ে ৩ কেজি সোনাসহ আটক ১