ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেডের উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটি সারানো হয়েছে। এর পর শনিবার ১০টা ৩৮ মিনিটে উড়োজাহাজটি সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার পথে রওনা দেয়। অবশেষে ৩ জন প্রকৌশলীর সার্বিক তত্ত্বাবধানে এই যান্ত্রিক ত্রুটি সরানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট ম্যানেজার মো. শাহিন আলম।
শুক্রবার সকাল সোয়া ৮টায় ওই সংস্থার বিমানটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর উড়োজাহাজটি ৩৪ জন যাত্রী নিয়ে উড্ডয়নের কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে যেতে পারেনি। ফলে বিমানের যাত্রীরা বাড়ি ফিরে যান। বিমানের ইঞ্জিনের তেল পাইপ ফেটে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়। বিষয়টি ইউনাইটেড এয়ারওয়েজের ব্যবস্থাপক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। দ্রুত ঢাকা থেকে প্রকৌশলী পাঠিয়ে মেরামত শেষে যাত্রী নিয়ে ছেড়ে গেছে বিমানটি।