সিলেটে সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
জানা গেছে, নিহত চালক আলাল মিয়া (৩৩) শহরের বালাগঞ্জ থেকে নয়াসড়ক হয়ে ওসমানী বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। চৌহাট্টা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সিএনজি-চালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক আলাল মারা যান। আলাল বালাগঞ্জ উপজেলার সোনারপাড়া গ্রামের বাসিন্দা।
কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। একই সঙ্গে দুর্ঘটনা কবলিত নম্বরবিহীন সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে। তবে ট্রাকসহ চালক পালিয়ে গেছে।