মির্জাপুরে গুলি করে পাগলা মোষ হত্যা

 
 
 
 
জলাতংক রোগে আক্রান্ত একটি পাগলা মোষকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার দুপুরে মির্জাপুরের বহুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
বহুরিয়া গ্রামের ব্যবসায়ী মামুনুর রশিদ মামুন (৩৫) জানান, শুক্রবার রাতে কোদালিয়া গ্রাম থেকে জলাতংক রোগে আক্রান্ত একটি পাগলা মোষ বের হয়ে দৌড়াতে থাকে। সামনে যাকে দেখতে পায় তাকে শিং দিয়ে গুঁতিয়ে ও কামড়িয়ে আহত করে। একে একে পাঁচজনকে আহত করে মোষটি। আহতদের মধ্যে আলামিন (৩৪) নামের একজনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। একপর্যায়ে মোহিষটিকে বহুরিয়া গ্রামবাসী ধরে বেঁধে ফেলে। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দেন। নির্দেশ পেয়ে দুপুরে মির্জাপুর থানার পুলিশ ৫ রাউন্ড গুলি করে মোষটিকে মেরে মাটি চাপা দেয়।
 
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম আহমেদ বলেন, মোষটি জলাতংক রোগে আক্রান্ত হয়ে পাগল হয়েছিল। তাই এটি যেন জানমালের আর ক্ষতি করতে না পারে, সে জন্য সরকারি বিধিমোতাবেক এটিকে হত্যা করে মাটি চাপা দেয়া হয়েছে।