রাজশাহীতে মাদকের রমরমা বাণিজ্য

রাজশাহী অঞ্চলে মাদকের রমরমা বাণিজ্য চলছে। ভারতীয় সীমান্তবর্তী বিভিন্ন উপজেলা মাদক চোরাচালানের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে ব্যবসায়ীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে প্রায় প্রতিদিন মাদকের চালান আটক হচ্ছে। কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে মাদক ব্যবসায়ী ও তাদের গডফাদাররা।

 
খোঁজ নিয়ে জানা গেছে, ভারত থেকে মাদক প্রবেশের নিরাপদ রুট হিসেবে মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, ভোলাহাট, রাজশাহীর গোদাগাড়ী, পবা, চারঘাট, বাঘা, নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী, কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তবর্তী এলাকা ব্যবহার করছে। এসব এলাকা দিয়ে ভারত থেকে সহজেই প্রবেশ করছে মরণ নেশা হেরোইন, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক। এসব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে প্রায় প্রতিদিন আটক হচ্ছে মাদকের চালান।
 

অভিযোগ রয়েছে, সীমান্তবর্তী উপজেলায় গড়ে ওঠা মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের সদস্যদের সঙ্গে প্রশাসনের কতিপয় সদস্যদের যোগসাজস রয়েছে। আর তাই সব সময় ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে মাদক ব্যবসায়ী ও গডফাদাররা।