গরিলার প্রেমে বিভোর মেয়েরা

অবাক করার মতো খবরই বটে। জাপানের একটি চিড়িয়াখানার বিশালদেহী এক গরিলার প্রেমে পড়েছে সেখানকার মেয়েরা! ইন্টারনেটে এই গরিলাকে নিয়ে রীতিমতো উন্মাদনা চলছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে মেয়েদের কাছে গরিলাটি ‘বেজায় হ্যান্ডসাম’ হিসেবে পরিচিতি পেয়েছে। সাবানি নামের গরিলাটির বয়স ১৮ বছর। হিগাশিয়ামা চিড়িয়াখানার বাসিন্দা এই প্রাণীটিকে অনেকে ‘সুদর্শন’ পুরুষ হিসেবেও উল্লেখ করে থাকে।

 

তবে চিড়িয়াখান কর্তৃপক্ষ বলেছে, যে মেয়েরা গরিলাটির প্রেমে হাবুডুবু খাচ্ছে তাদের জন্য একটি ‘দুঃসংবাদ’ আছে! আর তা হলো, আয়ি এবং নিনে নামের নিজ প্রজাতির দুটি স্ত্রী আছে এই গরিলার। কিয়োমাসি এবং অ্যানি নামের দুই সন্তানও আছে তার। চিড়িয়াখানার মুখপাত্র তাকাইউসি সিএনএনকে বলেন, গরিলাটির হঠাত্ পাওয়া এই জনপ্রিয়তা দেখে তারা বিস্মিত হয়ে গেছেন। তিনি বলেন, ইন্টারনেট কালচারের কারণে এটি সম্ভব হয়েছে। প্রতিদিন অগণিত তরুণী গরিলাটির খবর শুনে তাকে দেখতে আসছে।