দেশীয় শিল্প রক্ষার আহ্বান মোটরসাইকেল উৎপাদকদের

সিকেডি মোটরসাইকেল আমদানীকারকদের সংগঠন বিমামা কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে উত্থাপিত বিষয় সমূহের বিরোধিতা করেছে মোটরসাইকেল ম্যানুফ্যাকচারার্স এবং এক্সপোর্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এমএমইএবি)। সংগঠনটি বলছে সংবাদ সম্মেলনে বাংলাদেশের মোটরসাইকেল শিল্প, দেশের স্বার্থ ও প্রকৃত বিনিয়োগ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়েছে।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাজেটে মোটরসাইকেলের সিকেডি (সম্পূর্ণ বিযুক্ত) আমদানীকারকদেরকে শিল্পায়নের ধারায় উত্সাহিত করার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তারা যে দাবি করেছে তা আন্তর্জাতিক নিয়মের পরিপন্থী। সংগঠনটি বলছে ২০১০ সালে সরকার স্থানীয় উত্পাদনকে উত্সাহিত করায় দেশে ইতিমধ্যেই ৫টি মোটরসাইকেল প্রস্তুতকারী কারখানা স্থানীয়ভাবে উত্পাদন শুরু করেছে এবং কয়েকটি প্রক্রিয়াধীন রয়েছে। এসব প্রতিষ্ঠান একদিকে যেমন দেশে আমদানি বিকল্প পণ্যের বিকাশ ঘটাচ্ছে তদ্রূপ গ্রামীণ জনপদে কর্মসংস্থান সৃষ্টিসহ অবকাঠামোগত উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।  দেশীয় মোটর সাইকেল উত্পাদনকারীরা সাশ্রয়ী মূল্যে মোটরসাইকেল প্রস্তুত করে স্থানীয় বাজারের প্রায় ২৫ ভাগ চাহিদা পূরণ করছে এবং রফতানিও করছে। এমন অবস্থায় আমদানীকারকদের কারণে দেশীয় শিল্প যাতে ধ্বংস না হয় সেজন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।