কলম্বিয়াকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

কার্লোস তেভেজের গোলেই আর্জেন্টিনা গতকাল কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে টাই-ব্রেকারের হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। সাডেন ডেথে তেভেজের শটে ৫-৪ গোলে হারিয়ে ১৯৯৩ সালের পর কোপার শিরোপা জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেলো ১৪ বারের চ্যাম্পিয়নরা। অথচ চার বছর আগে নিজেদের মাঠে টাইব্রেকারে কার্লোস তেভেজের শট মিসের কারণেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়তে হয়েছিলো আর্জেন্টিনাকে।

 
রক্ষণাত্মক খেলার কৌশলটা প্রায় কাজেই লেগে গিয়েছিল কলম্বিয়ার। কিন্তু শেষ রক্ষা আর হলো না। নাটকীয়তায় ভরা জয় হয়েছে আসরের অন্যতম ফেবারিট আর্জেন্টিনারই। টাইব্রেকারে কলম্বিয়ার প্রথম তিন শটে হামেস রড্রিগেস, র্যাডামেল ফালকাও ও হুয়ান কুয়াদরাদো লক্ষ্যভেদ করেন। আর্জেন্টিনার অধিনায়ক মেসি, অ্যাসেকিয়েল গারায়, এভার বানেগাও প্রথম তিন শটে বল জালে পাঠান। কিন্তু কলম্বিয়ার চতুর্থ শটটি ক্রসবারের ওপর দিয়ে মেরে দেন লুইস মুরিয়েল। তবে পরের শটে এজেকুয়েল লাভেজ্জি লক্ষ্যভেদ করলে ৪-৩ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। পঞ্চম শটে এডউইন কারডোনা গোল করলে আশা টিকে ছিল কলম্বিয়ার। এ ক্ষেত্রে পরের শটে লুকাস বিলিয়া গোল পেলেই জিতে যেত আর্জেন্টিনা। কিন্তু তিনি ডান পোস্টের বাইরে দিয়ে শট নেয়ায় ৪-৪ গোলে সমতায় থাকা টাইব্রেকারে গড়ায় সাডেন ডেথে। আরো নাটকীয়তায় মোড় নেয় খেলা। উত্তেজনার পারদ পৌঁছায় শেষ প্রান্তে।
 
সাডেন ডেথে কলম্বিয়ার হুয়ান সুনিগার শট ঠেকিয়ে দেন আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও রোমেরো। ফের সুযোগ আসে আর্জেন্টিনার সামনে; এক্ষেত্রে মার্কোস রোহোর শটটি জাল স্পর্শ করলেই জয় পেয়ে যেতো আর্জেন্টিনা। কিন্তু খেই হারিয়ে ফেলেন রোহো, ক্রসবারে লাগে তার শট! আবারো সুযোগ আসে কলম্বিয়ার। কিন্তু জেইসন মুরিয়ো পরের শট মেরে দেন ক্রসবারের ওপর দিয়ে। পেনাল্টি শুট-আউটে জেতার তৃতীয় সুযোগটি আর নষ্ট করেনি কোচ জেরার্ডো মার্টিনোর দল। এবার শটটি নেয়ার দায়িত্ব দেয়া হয় তেভেজকে। তাঁর নিখুঁত শট কলম্বিয়ার জাল স্পর্শ করার সঙ্গে সঙ্গেই জয়োল্লাসে মেতে ওঠে আর্জেন্টিনা শিবির।
 
জয়সূচক গোল করা তেভেজ তার প্রতিক্রিয়ায় বলেন, ‘এই জয়টা আমার সতীর্থদের জন্য। কেননা দলীয়ভাবে আমরা ম্যাচটি দারুণ খেলেছি। আর এই জয়ের অংশ হতে পারায় আমি গৌরব বোধ করছি।’ বোকা জুনিয়র্সে সদ্যই নাম লেখানো এই স্ট্রাইকার আরো বলেন, ‘ফুটবল সবসময়ই প্রতিশোধ নেয়ার সুযোগ দেয়। চার বছর আগে যা ঘটেছিলো আজ তার পরিশোধ হলো।’
 
চিলির ভিনা দেল মারে গতকাল শনিবার ভোরে অনুষ্ঠিত ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কলম্বিয়ার গোলরক্ষক ডেভিড অসপিনার দৃঢ়তায় গোলবঞ্চিত থাকতে হয় কোপার ১৪ বারের চ্যাম্পিয়নদের। যদিও খেলার শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় আর্জেন্টিনা। দশম মিনিটে গোলের একটি সুযোগ তৈরি করেছিলেন মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়া। কিন্তু প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করতে পারেননি তারা। ১৯তম মিনিটে ডি মারিয়ার কর্নার থেকে বল পেয়ে শট নিতে দেরি করায় ফের ব্যর্থ হতে হয় বার্সেলোনার এই তারকাকে। এর কিছুক্ষণ পর মেসির জোগান থেকে সার্জিও আগুয়েরো হেড নিলেও ক্রসবারের ওপর দিয়ে চলে যায় বল। ২৫তম মিনিটে আর্জেন্টিনার গোলের সবচেয়ে ভালো সম্ভাবনা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক ডেভিড অসপিনা। ডান দিক থকে জাভিয়ের পাস্তোরের নিচু ক্রসে খুব কাছ থেকে নেয়া আগুয়েরোর শট পা দিয়ে ঠেকিয়ে দেয়ার পর ফিরতি বলে মেসির হেডও দুর্দান্ত ভঙ্গিমায় হাত দিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন তিনি।
 
বিরতির পরও আক্রমণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনা। কিন্তু এবারো কলম্বিয়ার জাল স্পর্শ করতে পারেনি তারা। পক্ষান্তরে প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও রক্ষণাত্মক ফুটবল খেলে কোচ হোসে পেকারম্যানের দল। ফরোয়ার্ড জ্যাকসন মার্টিনেজ একটি শট নিলেও আর্জেন্টিনা শিবিরে আঘাত হানতে পারেননি।
 

ম্যাচের যোগ করা সময়ে কর্নার থেকে মেসি লক্ষ্যভ্রষ্ট হেড নিলে হতাশা নিয়েই নির্ধারিত সময়ের খেলা শেষ করে আর্জেন্টিনা। টুর্নামেন্টের নক-আউট পর্যায়ে একমাত্র ফাইনাল ছাড়া অন্য কোনো ম্যাচে অতিরিক্ত সময় না থাকায় খেলা সরাসরি গড়ায় টাইব্রেকারে। সেখানে আর কলম্বিয়াকে রক্ষা করতে পারেননি অসপিনা। আর্জেন্টিনা সেমিফাইনালে খেলবে ব্রাজিল-প্যারাগুয়ে ম্যাচের জয়ী দলের সঙ্গে।—সুপার স্পোর্টস/ সকারওয়ে