গাজীপুরে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

গাজীপুরে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
রবিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর শুরাবাড়ি এলাকার একটি ফাঁকা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম সাইফুল ইসলাম (২৫) তিনি ঢাকার কেরানীগঞ্জের আব্দুল খালেকের ছেলে।
 
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, ওই স্থানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে দুপুর পৌনে বারটার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। 
 
তিনি আরও জানান, নিহতের পকেট থেকে পাওয়া একটি মোবাইলের সিম কার্ড থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে নিহত সাইফুল গত ৪ দিন ধরে নিখোঁজ ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে সাইফুল ছিনতাইকারী দলের সদস্য ছিল। সহযোগীরা তাকে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে গেছে।