গুজরাটের সৌরাস্ট্রে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ১০টি এশিয়াটিক লায়ন মারা গেছে। আরো ৩৫টি সিংহ নিখোঁজ রয়েছে।
আমরেলি জেলায় পাঁচটি ও ভাবনগর জেলায় দুটি সিংহের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে গত তিন দিনে ৮১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সহকারী বনরক্ষক সিবি ধনধিয়া জানান, অন্তত ৩৫টি সিংহ নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে। বন নিরাপত্তারক্ষীর ১৫টি দল পশুর মৃতদেহ উদ্ধারে কাজ করছে।
সবমিলিয়ে সৌরাষ্ট্র অঞ্চল থেকে এক হাজারেরও বেশি পশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।এর মধ্যে ১৫০টি নীলগাই, চারটি চিত্রা হরিণ, একটি বন্য শূকর ও একটি শজারু রয়েছে।
উল্লেখ্য মে মাসের জরিপে দেখা গেছে গুজরাট এলাকায় ২০১০ সালের পর থেকে এশিয়াটিক লায়নের সংখ্যা ২৭ শতাংশ বেড়েছে। এ সংখ্যা ৪১১ থেকে বেড়ে হয়েছে ৫২৩। সূত্র: বাসস