রায়পুরায় কালিমন্দিরে আগুন-ভাঙচুর

জেলার রায়পুরা উপজেলায় কালি মন্দিরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা দুটি প্রতীমার আংশিক ভাঙচুর করে মন্দিরের দান বাক্স লুট করে নেয়। গতকাল শনিবার রাতে মির্জাপুর ইউনিয়নের পূর্বের চর গ্রামের শ্বশানখোলার ওই মন্দিরে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় বাসিন্দা স্বদেশ রায় জানান, রবিবার সকালে ঘুম থেকে উঠে মন্দির সংলগ্ন জমি দেখতে গিয়ে রাস্তায় মন্দিরের কালি মূর্তির মুন্ডুমালা পড়ে থাকতে দেখেন। পরে মন্দিরের ভেতরে গিয়ে পূজার প্রয়োজনীয় উপকরণ পোড়া ও আরো দুটি প্রতীমার আংশিক ভাঙচুর অবস্থায় থাকতে দেখতে পান। ঘটনাটি মন্দির কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্যকে জানান। রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
মন্দির কমিটির সভাপতি কৃষ্ণধন রায় বলেন,‘ আমার জানামতে মন্দির নিয়ে কারো সাথে কোন বিরোধ নেই। কে বা কারা রাতের আধারে এ ঘটনা ঘটিয়েছে তাও আমি জানিনা।’
 
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার জানান, ঘটনাটি দ্রুত খতিয়ে দেখা হচ্ছে।