নওগাঁয় শিশু হত্যার অভিযোগে আটক ১

নওগাঁ সদর উপজেলার শালুকা গ্রামে সিফাত হোসেন নামে চার বছরের এক শিশুকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। পুলিশ রাতে নিহত সিফাতের মৃতদেহ উদ্ধার করেছে। রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত শিশু সিফাত হোসেন ওই  গ্রামের আকরাম পারভেজ হিরার ছেলে।
 
এ হত্যার অভিযোগে প্রতিবেশী মো. আলামিনকে আটক করেছে পুলিশ।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শালুকা গ্রামের মন্ডলপাড়ার মো. আলামিন তার নিজ বাড়ির উঠানে ইট ভাঙ্গার কাজ করছিল। সন্ধ্যা সাতটার আগে প্রতিবেশী শিশু সিফাত হোসেন একই উঠানে খেলা করছিল। এমন সময় মো. আলামিন শিশু সিফাত হোসেনকে তার বাড়িতে ডেকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। গ্রামবাসী মো. আলামিনকে আটক করে পুলিশে সংবাদ দেয়। পুলিশ রাতে শিশুটির মৃতদেহ উদ্ধার ও মো. আলামিনকে আটক করে।
 
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে কি না তার সঠিক কারণ জানা যায়নি। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।