বঙ্গোপসাগরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিখোঁজ

 
বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ জঙ্গি বিমান প্রশিক্ষণ চলাকালে বঙ্গোপসাগরের বহির্নোঙরে বিধ্বস্ত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়। এই ঘটনায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ নিখোঁজ রয়েছেন।
 
চট্টগ্রাম বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নূর ই আলম সাংবাদিকদের জানান, নিখোঁজদের খোঁজে বিমান বাহিনীর হেলিকপ্টার এবং নৌবাহিনী ও বন্দর কর্তৃপক্ষের জাহাজ সাগরে অনুসন্ধান চালাচ্ছে।
 
তিনি জানান, সকালে জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর ১১টা ১০ মিনিটে বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর তল্লাশি শুরু হয়। পৌনে ১২টার দিকে নিশ্চিত হওয়া যায় যে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে সাগরের ছয় মাইল ভেতরে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি বিমান বাহিনী।