পাকিস্তানি পুলিশ ও সন্ত্রাসবাদ দমন বাহিনী পূর্বাঞ্চলের লাহোর নগরীর একটি বাড়িতে অভিযান চালিয়েছে। এতে চার তালেবান জঙ্গি নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার ভোরে এই অভিযান পরিচালনা করা হয়।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর একটি দল পাঞ্জাবের প্রাদেশিক রাজধানী লাহোরের ১৮ কিলোমিটার উত্তরে ফিরোজেওয়ালা শহরের পার্শ্ববর্তী পাঠান কলোনিতে অভিযান চালায়।
প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদা বলেন, একটি বাড়িতে সন্দেহভাজন জঙ্গিদের অবস্থানের ব্যাপারে আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল। পুলিশের একটি দল ঐ বাড়িতে গেলে সন্দেহভাজনরা তাদের ওপর গুলি চালায়।
তিনি বলেন, অভিযানে তিন জঙ্গি নিহত হয় এবং চতুর্থজন আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। এছাড়া আরো দুই জঙ্গিকে আহত অবস্থায় আটক করা হয়েছে।
আফগান সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকাভিত্তিক তালেবান জঙ্গিদের ছায়া সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)’র কথা উল্লেখ করে খানজাদা বলেন, জঙ্গিরা টিটিপির সদস্য।
তিনি বলেন, পুলিশ অভিযানকালে তিনটি আত্মঘাতী বোমা হামলার জ্যাকেট, একটি রকেট লঞ্চার, পাঁচটি কালাশনিকভ রাইফেল, বিপুল সংখ্যক বুলেট ও গুরুত্বপূর্ণ ভবনের কয়েকটি মানচিত্র উদ্ধার করা হয়েছে। সূত্র: এএফপি।