আন্তর্জাতিক বাজারের তেলের দামের সঙ্গে সমন্বয় করে বিদ্যুতের দাম কমিয়ে বাজেট পাসের আহ্বান জানিয়েছে বিএনপি। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আসাদুজ্জামান রিপন বলেন, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টগুলো ফার্নেস তেলে চলে। সরকার যখন কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি করে তখন এই ফার্নেস তেলের দাম বেশি ছিল। সে কারণে বিদ্যুতের দামও বেশি নির্ধারণ করা হয়েছিল। এখন আন্তর্জাতিক বাজারে ফার্নেস তেলের দাম কমেছে। তাই এই বাজেটে বিদ্যুতের দাম কমাতে হবে। দাম কমানো না হয় দলের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানানো হবে।
রিপন অভিযোগ করেন, এই সরকার জনগণের পকেট মারার জন্য ক্ষমতায় এসেছে। তারা ইতোমধ্যে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলো ‘হরিলুট’ করেছে। দেশের অর্থনীতির অবস্থা লেজে-গোবরে করে ফেলেছে।