বাসাইলে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

টাঙ্গাইলের বাসাইলে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫জন আহত হয়েছে।

জানা গেছে, সোমবার সকালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নেন। এ সময় বাসাইল বাসস্ট্যান্ডে একটি মিছিল বের করে। মিছিলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঘটনার পর বাসাইল প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস অভিযোগ করে বলেন, কাজী অলিদের নেতৃত্বে তার সমর্থকরা আমাদের ওপর হামলা করে। এ সময় আমার ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিতভাবে হামলা করে তার সমর্থকরা। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় আমার ব্যবসা প্রতিষ্ঠান। পাশেই উপজেলা আওয়ামী লীগের অফিসেও হামলা করে। তারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিসহ অফিস ভাঙচুর করে। এ ঘটনায় আমাদের ১০জন নেতাকর্মী আহত হয়।

অপর দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা নির্বাচনে সতন্ত্র প্রার্থী কাজী অলিদ ইসলাম বলেন, কেন্দ্র যেহেতু সবার জন্য নির্বাচন উন্মুক্ত করেছে। সে কারণেই আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিই। আমরা মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য বাসস্ট্যান্ড এলাকায় এলে হাজী গাউসের সমর্থকরা আমাদের ওপর হামলা করে। এ সময় আমার ৫জন নেতাকর্মী আহত হয়। বঙ্গবন্ধুর ছবি তারাই ভেঙে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। দলীয় সভাপতি হিসেবে এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

আরও পড়ুনঃ মুরাদনগরে অজ্ঞাত কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাসাইল বাসস্ট্যান্ড এলাকায় উভয় পক্ষের নেতা কর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

ইত্তেফাক/নূহু