গ্রিসের সব ব্যাংক বন্ধ

 
চলতি সপ্তাহে গ্রিসের সব ব্যাংক বন্ধ রাখবে দেশটির সরকার। পুঁজি নিয়ন্ত্রণ করতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপরাস।
 
এক টেলিভিশন সাক্ষাত্কারে সিপরাস বলেছেন, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) অতিরিক্ত জরুরি তহবিল বৃদ্ধি করতে না চাওয়ায় গ্রিসের ব্যাংকগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
 
গ্রিসের সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন, আগামী ৭ই জুলাই পর্যন্ত দেশটির সব ব্যাংক বন্ধ থাকবে। তবে সোমবার বিকাল থেকে দেশটির ব্যাংকগুলোর এটিএম বুথ খোলা থাকবে। কিন্তু প্রতিদিন ৬০ ইউরোর বেশি টাকা তোলা যাবে না।
 
দেশটিতে অবস্থানরত বিদেশি পর্যটক এবং ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এ টাকা তোলার সীমাবদ্ধতার আওতায় আসবে না। সোমবার দেশটির শেয়ারবাজার বন্ধ থাকবে।

এদিকে গ্রিসের ব্যাংক বন্ধ থাকার কারণে ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারে বড় ধরণের দরপতন হয়েছে। সূত্র: বিবিসি।