কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুম সরকার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি যুবলীগ নেতা নূর মোহাম্মদ লালন শিকদারকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার বিকালে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে লালন শিকদারকে ফার্মগেইট এলাকায় দেখতে পেয়ে জনতা আটক করে শেরে বাংলানগর থানা পুলিশে সোপর্দ করে। পরে তাকে পুলিশ হেফাজতে পঙ্গু হাসপাতালে ভর্তি করানো হয়।
উল্লেখ্য, গত ১৫ মে গভীর রাতে উপজেলার গৌরীপুর-হোমনা সড়কের কড়িকান্দি বাস স্টেশনে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুম সরকার নিহত হন। এ ঘটনায় কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ ফকির বাদী হয়ে তিতাস উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুল ইসলাম সোহেল শিকদার ও নূর মোহাম্মদ লালন শিকদারসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা করেন।