বিশ্বব্যাংক ও এশিয়া উন্নয়ন ব্যাংকের প্রতিদ্বন্দ্বী হিসেবে চীনের নেতৃত্বে আসছে নতুন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এশিয়া ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। গতকাল সোমবার এ ব্যাংকে যোগ দিতে চীনের বেইজিংয়ের গ্রেট হলে বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন। এ বছরের শেষ দিকে আরো সাতটি দেশ যোগদানের কথা রয়েছে। খবর বিবিসি’র।
ব্যাংকটির যাত্রা শুরু হলে এটা কেবল চীনের কূটনৈতিক জয়ই হবে না, বড় ধরনের অর্থনৈতিক উদ্দেশ্যও সাধিত হবে। চীন চায় তার দেশের অবকাঠামো সংক্রান্ত জিনিস বিদেশে যাক। দেশটির প্রকৌশলীরা বিভিন্ন দেশের বন্দর, রাস্তা এবং শহর গড়ে তুলতে সহায়তা করতে প্রস্তুত। ব্যাংকটিতে সর্বোচ্চ শেয়ার থাকবে চীনের। আর দ্বিতীয় সর্বোচ্চ শেয়ার থাকবে ভারতের। চীনের শেয়ার থাকবে ৩০ দশমিক ৩৪ শতাংশ। এর ফলে চীন ব্যাংকটির কার্যক্রম পরিচালনায় ২৬ দশমিক ০৬ শতাংশ ভোটাধিকার লাভ করবে। আর ভারতের শেয়ার থাকবে ১০ থেকে ১৫ শতাংশ। তৃতীয় সর্বোচ্চ শেয়ার থাকবে রাশিয়া এবং জার্মানির।