রাজধানীতে রিজার্ভ ট্যাংকে গৃহবধূর লাশ স্বামীসহ আটক ৫

রাজধানীর শাহ আলী থানা এলাকার গুদারাঘাটের একটি বাড়ির পানির রিজার্ভ ট্যাংক থেকে বৃষ্টি (২২) নামে এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার রাতে গুদারাঘাট ব্লক-এইচ, রোড ৫/১, হাউজ-৬/৭ থেকে ঐ নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বৃষ্টির স্বামী মহিউদ্দিনসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

 
নিহতের চাচা ইসরাফিল জানান, গত শনিবার থেকে বৃষ্টি নিখোঁজ হয়। রবিবার তার স্বামী মহিউদ্দিনকে জিজ্ঞাসা করলে সে জানায়, বৃষ্টি তার সঙ্গে ঝগড়া করে গ্রামের বাড়ি চলে গেছে। মরদেহ উদ্ধারের খবর পেয়ে তিনি (ইসরাফিল) মহিউদ্দিনের বাসায় যান। তিনি তার ভাতিজীকে হত্যা করা হয়েছে বলে   অভিযোগ করেন।
 
শাহ আলী থানার ওসি একেএম শাহিন মন্ডল জানান, ঐ বাড়ির কেয়ারটেকার রাতে পানির মজুদ দেখার জন্য রিজার্ভ ট্যাংকের ঢাকনা খুলে বৃষ্টির লাশ দেখতে পান। এ সময় তার চিত্কারে আশপাশের লোকজন এসে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। তিনদিন আগে বৃষ্টিকে শ্বাসরোধে হত্যা করে পানির ট্যাংকে ফেলে রাখা হয়েছে বলে ধারণা পুলিশের।
 

ওসি আরও জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী মহিউদ্দিনকে আটক করা হয়েছে। এছাড়া বৃষ্টির শ্বশুর-শাশুড়ি, চাচা শ্বশুর ও বাড়ির কেয়ারটেকারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।