৬৭ বছরের দাম্পত্য জীবনে একবারের জন্যও হয়নি দাম্পত্য কলহ! স্বামী-স্ত্রী দু’জনেই ঘোষণা দিয়েছিলেন এ জীবনে তারা আলাদা হবেন না। জীবনে তারা আলাদা হননি। সুখে দুঃখে কাটিয়েছেন একসাথে। কিন্তু অবাক করা যে ঘটনা ঘটেছে তা হলো, মরণেও আলাদা হলেন না এই দম্পতি। স্বামীর মৃত্যুর পর দুই ঘন্টা কাটতে না কাটতেই তাকে অনুসরণ করলেন স্ত্রী!
বিশ্ব মিডিয়ায় আলোড়ন তোলা এই অমর ‘প্রেমকাহিনী’র নায়ক-নায়িকা অস্ট্রেলিয়ান দম্পতি হফ নিস এবং জোয়ান নিস। সম্প্রতি তারা অস্ট্রেলিয়ার পারাপারাউমুর একটি নার্সিং হোমে তাদের প্রেমকাহিনীর শেষ পাতাটি লিখে ফেলেন! দুই ঘন্টার ব্যবধানে দু’জনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবারের লোকজন জানায়, স্বামী হফ একদিনও স্ত্রীকে ছেড়ে কোথাও থাকেননি। বন্ধু বান্ধবরা হফকে ‘বউ পাগলা’ বলে টিটকারি মারলেও তিনি লজ্জা পেতেন না। বরং তিনি বলতেন তারা যেন একই সাথে মৃত্যুবরণ করতে পারেন। কিন্তু বাস্তবে যে সেটা ঘটে যাবে তা তাদের কল্পনাতেও ছিল না। ১৯৪০ এর দশকে হফের সঙ্গে দেখা হয় জোয়ানের। প্রথম দর্শনেই প্রেম, অতপর বিয়ে। এই দম্পতির পাঁচ সন্তানের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে মা-বাবার মৃত্যুর আগেই। বেঁচে আছে ১৪ নাতি নাতনি।