মার্টিন লুথার কিং স্মৃতিসৌধে ওবামা, রুসেফ

 
যুক্তরাষ্ট্রে সফররত ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ সোমবার ওয়াশিংটনে মার্টিন লুথার কিং এর স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন। এসময় প্রেসিডেন্ট ওবামা তার সাথে ছিলেন।
 
মার্কিন গোয়েন্দাদের টেলিফোনে আড়িপাতা নিয়ে উভয় দেশের দ্বন্দ্বের পর সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টার অংশ হিসেবে রুসেফ শনিবার যুক্তরাষ্ট্র সফর শুরু করেন।

হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে, আমেরিকা ও ব্রাজিলের জনগণের মধ্যে বিদ্যমান দৃঢ় সম্পর্ক ও অভিন্ন মূল্যবোধের জন্য এ সফর গুরুত্বপূর্ণ। স্মৃতিসৌধ পরিদর্শন শেষে রুসেফ ওবামার দেয়া এক অনাড়ম্বর নৈশভোজে অংশ নেন। এ সময়ে তার সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েরা ও প্রতিরক্ষামন্ত্রী জ্যাক ওয়াগনার।

অপরদিকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস। সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা হিসেবে ওবামা মাঝেমধ্যেই তার মিত্রদের নিয়ে ওয়াশিংটনের আশেপাশের কোন বিখ্যাত জায়গায় বেড়াতে যান।
 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তিনি এমএলকে মেমোরিয়াল এবং জাপানের প্রধানমন্ত্রীকে নিয়ে লিংকন মেমোরিয়াল ঘুরতে গিয়েছিলেন।
 
উল্লেখ্য, ২০১৩ সালের অক্টোবরে রুসেফের ওয়াশিংটন সফরে আসার কথা ছিল। কিন্তু মার্কিন গোয়েন্দা বিভাগ তার ফোনে আড়ি পেতেছে এমন তথ্য ফাঁসের পর তিনি সফর বাতিল করেন।
ওবামা ও রুসেফ সোমবার আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নেবেন। এরপর মঙ্গলবার বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনের দুই নেতার বক্তব্য দেয়ার কথা রয়েছে। সূত্র: এএফপি