টঙ্গীতে লুণ্ঠিত গার্মেন্টস মালিকের পিস্তল উদ্ধার, গ্রফতার ২

জেলার টঙ্গী উপজেলায় গার্মেন্টস মালিক নাজমুল হক ভূইয়ার (৫৫) প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনায় জড়িত দুজনেক পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। এ সময় ছয় রাউন্ড গুলিসহ লুন্ঠিত বিদেশি পিস্তলটি ব্যাগসহ উদ্ধার করা হয়। এ ছাড়া ছিনিয়ে নেয়া আইপেড, দুইটি দামি মোবাইল সেট, হাত ঘড়ি উদ্ধার হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার লাকসামের ভান্নাঘর গ্রামের মানিক হোসেন (২০) ও তুরাগের কামারপাড়ার পাটুনিয়া এলাকার সাগর (২০)।
 
এ ঘটনায় টঙ্গী থানায় মামলা হলে গত রবিবার প্রথমে মানিককে আত্মীয়ের বাড়ি গাজীপুরের কালীগঞ্জে থেকে এবং সাগরকে শ্বশুরবাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার কাইয়ুমপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের দুজনের দেওয়া তথ্যে রাতে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার বাছিরপুর গ্রামে দলনেতা রাসেলের শ্বশুর বাড়িতে অভিযান চালানো হয়। টের পেয়ে তিনি পালিয়ে যান। সেখানে তল্লাশি চালিয়ে লুন্ঠিত মালামালগুলো উদ্ধার করা হয়। পরে গোপন সূত্রে সোমবার রাতে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার বাছিরপুর গ্রামে দলনেতা রাসেলের শ্বশুর বাড়িতে ফের অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ির পুকুর পাড়ে রাসেল তার বাহিনী নিয়ে পুলিশের উপর গুলি বর্ষণ করে। পুলিশ পাল্টা গুলি চালালে পিস্তলটি ফেলে গুলিবিদ্ধ অবস্থায় রাসেল পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তলটি উদ্ধার করে।
 
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
উল্লেখ্য, গত ১৬ জুন রাতে রাসেলের নেতৃত্বে তারা ৯ জন মিলে টঙ্গী-কামারপাড়া সড়কের কামারপাড়া ব্রিজের কাছে গাজীপুরের ভোগড়ার গরীব এন্ড গরীব গার্মেন্টেসের মালিক নাজমুল হক ভুইঁয়ার প্রাইভেটকার থামিয়ে নগদ ২ লাখ টাকা, গুলিভর্তি বিদেশি পিস্তল, আইপেড, মোবাইল, হাতঘড়িসহ জরুরি কাগজপত্রসহ ব্রিফকেস লুট করে।