নেদারল্যান্ডসের দায়িত্ব ছাড়লেন হিডিঙ্ক

নেদারল্যান্ডসের জাতীয় ফুটবলের দলের কোচের পদ থেকে সড়ে দাঁড়িয়েছেন গাস হিডিঙ্ক। ২০১৬ ইউরো বাছাইপর্বে দলের হতাশাজনক পারফরমেন্সেই হিডিঙ্ক পদত্যাগ করেছেন বলে ডাচ ফুটবল ফেডারেশন (কেএনভিবি) ঘোষণা দিয়েছে।
ফেডারেশনের এক বিবৃতিতে সোমবার জানানো হয়েছে, ‘গাস হিডিঙ্ক এবং ডাচ ফুটবল ফেডারেশন ১ জুলাই থেকে সব ধরনের চুক্তি শেষ করার সিদ্ধান্ত নিয়েছে।’

কেএনভিবি’র ফুটবল পরিচালক বার্ট ভ্যান ওস্টেভিন এজন্য সকলের কাছে দু:খ প্রকাশ করে বলেছেন, দুর্ভাগ্যবশত গাসের সাফল্য সকলের কাছে ধরা পড়ছিল না। এ পর্যন্ত গাসের অবদানের জন্য আমরা ধন্যবাদ জানাতে চাই। 

ইউরো ২০১৬ পর্যন্ত হিডিঙ্কের সাথে নেদারল্যান্ডসের চুক্তি ছিল। দ্বিতীয় মেয়াদে ডাচদের হটসিটে বসতে পেরে নিজেকে বেশ ভাগ্যবান দাবী করেছিলেন পিএসভি এইডোভেনের সাবেক এই খেলোয়াড়। বিদায়বেলায় নিজের উত্তরসূরির প্রতি শুভকামনা জানিয়ে গেছেন হিডিঙ্ক। 
 
সোমবার সকাল থেকেই ফেডারেশনের বেশ কয়েকটি সূত্রমতে গুজব উঠেছিল হিডিঙ্কের সরাসরি স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তার সহযোগী ড্যানি ব্লিন্ড। দৈনিক দ্য টেলিগ্রাফ, বেসরকারি টেলিভিশন স্টেশন এনওএস, ম্যাগাজিন ভোয়েবাল ইন্টারন্যাশনালে এ সংক্রান্ত খবরও প্রকাশিত হয়। কিন্তু ফেডারেশনের পক্ষ থেকে পরবর্তীতে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে এখনো এই পদের জন্য যোগ্য ব্যক্তির খোঁজে তারা রয়েছেন। 

গত বছর ব্রাজিল বিশ্বকাপে কোচ লুইস ফন গালের অধীনে কমলা জার্সিধারীরা তৃতীয় স্থান লাভ করে। বিশ্বকাপের পর ডাচদের দায়িত্ব ছেড়ে আবারো ক্লাব কোচিংয়ে ফেরেন ফন গাল। দায়িত্ব নেন ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের। এর আগে দক্ষিণ কোরিয়াকে ২০০২ বিশ্বকাপের সেমিফাইনালে তোলা হিডিঙ্ক শুরু থেকেই হিমশিম খেতে শুরু করেন নতুন দায়িত্বে। আগামী বছর ফ্রান্সে অনুষ্ঠিতব্য ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে বাছাইপর্বের বাঁধা পেরুতে বার বার হোঁচট খায় কমলা জার্সিধারীরা। ১০ পয়েন্ট নিয়ে হল্যান্ড এখন বাছাইপর্বে গ্রুপ-এ তে তৃতীয় স্থানে রয়েছে। টেবিলের শীর্ষে থাকা আইসল্যান্ডের থেকে পাঁচ এবং চেক প্রজাতন্ত্রের থেকে তিন পয়েন্ট পিছনে রয়েছে হিডিঙ্ক শিষ্যরা। হাতে রয়েছে চারটি ম্যাচ।
 
নয়টি গ্রুপ থেকে দুটি করে দল সরাসরি মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। সাথে থাকবে গ্রুপে সেরা তৃতীয় স্থান অর্জনকারী দল। বাকি তৃতীয় স্থানে থাকা দলগুলোকে প্লে-অফের মাধ্যমে বাছাইপর্বের বাঁধা পেরুতে হবে। গত গ্রীষ্মে দ্বিতীয় মেয়াদে ডাচদের দায়িত্ব নেবার পরে ৬৮ বছর বয়সী হিডিঙ্কের অধীনে নেদারল্যান্ডস ১০ ম্যাচের চারটিতে জয় ও পাঁচটিতে পরাজিত হয়েছে। সূত্র: বাসস