‘ঢাবিকে গ্লোবাল সোসাইটিতেও অবস্থান নিতে হবে’

 
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সেরা বিশ্ববিদ্যালয়। তবে একবিংশ শতাব্দীতে এই বিশ্ববিদ্যালয়কে দেশের পাশাপাশি গ্লোবাল সোসাইটিতেও নিজেদের অবস্থান করে নিতে হবে। বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
গওহর রিজভী বলেন, ঢাবি শিক্ষার্থীদের গ্লোবাল সিটিতে প্রতিযোগিতার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যেন তারা প্রতিযোগিতা করতে পারে সে মনোবল থাকতে হবে।
 
এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ব্যানারসহ শোভাযাত্রা নিয়ে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এসে সমবেত হয়। সোয়া ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বেলুন ও পায়রা উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি।
 
এসময় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড.নাসরীন আহমাদ, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হোসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রভোস্ট, সিনেট সদস্য ও শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠান পরবর্তী একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আসা হয়।
 
সকাল ১১টার দিকে ছাত্র-শিক্ষক কেন্দ্র্র (টিএসসি) মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য ঐ আলোচনা সভায় ‘উচ্চশিক্ষা ও টেকসই উন্নয়ন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন বিশ্ববিদ্যালয় দিবস বক্তা শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম খান।
 
দিবসটি পালন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও হলসমূহ দিনব্যাপী নিজস্ব কর্মসূচি গ্রহণ করেছে।
 
এর মধ্যে থেকে সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত ‘দুর্লভ পান্ডুলিপি প্রদর্শনী’ চলবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে। সকাল ১০টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত বায়োমেডিকেল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগের উদ্ভাবিত চিকিত্সা প্রযুক্তির যন্ত্রপাতি বা গবেষণার প্রদর্শনী চলবে কার্জন হল ভবনের দক্ষিণ-পূর্ব বারান্দায়।
 
সকাল ১১টা থেকে চারুকলা অনুষদে চলবে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত চারুকলা অনুষদ গ্যালারিতে চলবে শিক্ষার্থীদের সৃজনশীল শিল্পকর্মের প্রদর্শনী।