রাজধানীতে ৮ ‘ডাকাত’ আটক

 
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা চৌরাস্তা থেকে আট ‘ডাকাতকে’ আটক করেছে গোয়েন্দা পুলিশ। তাদের দেয়া তথ্য মতে ১৩৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বুধবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
 
আটককৃতরা হলেন- মো. জালাল, মো. ইউসুফ হাওলাদার, মো. বাচ্চু সরদার, মো. কুদ্দুস, মো. নেকবার মিয়া, মো. কামরুজ্জামান, মো. স্বপন ও মো. কামাল শেখ।
 
সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে শ্যামপুর থানার পোস্তগোলা চৌরাস্তার ইউসেফ আর কে চৌধুরী স্কুলের সামনে থেকে গোয়েন্দা পুলিশ সদস্যরা তাদের আটক করে। পরে তাদের দেওয়া তথ্যে যাত্রাবাড়ীর সামিউল্লাহ প্লাজার নিচতলার শাহ টেলিকম থেকে ১৩৫টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।
 
তিনি জানান, তারা ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় দোকানের শাটার ভেঙে বা তালা কেটে চুরি ও ডাকাতি করত। আটক আটজন আগেও বিভিন্ন সময়ে ডাকাতির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন।