ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু


ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পিকআপ ভ্যান-মাইক্রোবাস-সিএনজি অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে বজলুর রহমান (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন। বুধবার উপজেলার মালিহাতা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বজলুর রহমান সদর উপজেলার দারমা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে নরসিংদীর বারৈচা থেকে কাঁঠাল ভর্তি পিকআপ ভ্যান নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মঈন গ্রামের বাজারে আসছিল। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার মালিহাতা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন দিন থেকে পিকআপ ভ্যানও মাইক্রোবাসটির সাথে আরো একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এ ঘটনায় অন্তত সাতজন আহত হন। গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে বজলুর রহমানের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রোমান মিয়া (২৮), সায়েদ আলী, (৩৮), নাসির মিয়া (৫৫), আলী মিয়াকে (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।  

হাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।