নেত্রকোনা সদর উপজেলার মেদনি ইউনিয়নের বনগাঁও গ্রামের জুয়েল মিয়া (২৩) নামে এক মোটরসাইকেল চালককে (ভাড়ায় মোটর সাইকেল চালায়) গলা কেটে হত্যা করেছে দুই কিশোর।
হত্যার অভিযোগে পুলিশ খাটপুড়া গ্রামের মুন্নাছ আলীর পুত্র ফরহাদ মিয়া (১৬) ও একই গ্রামের আবুল কাশেমের পুত্র বাশার উদ্দিন (১৬) নামের ওই দুই কিশোরকে আটক করছে। বুধবার রাতে এই হত্যাকাণ্ড ঘটার চার ঘণ্টার মধ্যেই রাত ২টায় উপজেলার মেদনী ইউনিয়নের টেংগা বাজার মুন্নাছটি গ্রাম থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, মোটরসাইকেল ছিনতাই করতেই পরিকল্পিতভাবে জুয়েলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভবে জানা গেছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজনই জুয়েলকে হত্যার কথা স্বীকার করেছেন। ভাড়ার কথা বলে জুয়েলকে মুঠোফোনে হত্যাকারীরা ডেকে আনে। পরে চলন্ত মোটরসাইকেলের পেছন থেকে ধারালো বটি দিয়ে চালক জুয়েলের গলা কেটে ফেলে বাশার।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানায় এদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।