২০১৪-১৫ অর্থবছরে ১ হাজার ৫৩০ কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বংলাদেশিরা। এই পরিমাণ বিগত যেকোনো বছরের চেয়ে বেশি। গত ২০১৩-১৪ অর্থবছরে ১৪ দশমিক ২৩ বিলিয়ন ডলারের রেমিটেন্স এসেছিল।এবার এসেছে ১০৭ কোটি ডলার বা ৭ দশমিক ৫১ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের ফরেন রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান বলেন—২০১৪-১৫ অর্থবছরের শেষ মাস জুনে ১৪২ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। একক মাস হিসাবে এই অর্থ গত অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ এবং এ যাবত্কালের তৃতীয় সর্বোচ্চ।
বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স-সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়—৩০ জুন শেষ হওয়া ২০১৪-১৫ অর্থবছরের প্রথম মাস জুলাইতে ১৪৯ কোটি ২৫ লাখ ডলারের রেমিটেন্স দেশে আসে। একক মাসের হিসাবে সেটাই বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স।
ছাইদুর রহমান বলেন, ‘ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আনতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে নানামুখী পদক্ষেপ নেয়ায় এর প্রবাহ বেড়েছে। এ ছাড়া, বিদেশি মুদ্রার বিনিময় হার স্থিতিশীল থাকার বিষয়টিও এতে ভূমিকা রেখেছে।’