কুমিল্লায় নিয়োগ নিয়ে দ্বন্দ্বের জেরে এক কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি সশস্ত্র সন্ত্রাসী নিয়ে অধ্যক্ষের উপর হামলা চালিয়ে মারাত্মক আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার জেলার মুরাদনগর উপজেলার বাইড়া আরিফ স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অন্যান্য শিক্ষক ও স্থানীয়দের সহায়তায় আহত কলেজ অধ্যক্ষ কামাল উদ্দিন আহাম্মেদকে উদ্ধার করে বিকালে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী শিক্ষক, আহত অধ্যক্ষ ও স্থানীয়রা জানায়, ওই কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আলী ইমাম কাউছার রুবেল মোটা অংকের উৎকোচ নিয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে গণিত বিভাগে মাজহারুল ও সমাজকর্ম বিভাগে জেসমিন আক্তার নামের দুই শিক্ষককে নিয়োগ দেয়ার চেষ্টা করেন। এ নিয়ে অধ্যক্ষের সাথে সভাপতির মতবিরোধের সৃষ্টি হয় এবং এতে সভাপতির পছন্দের লোককে নিয়োগ দেয়ার প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে কলেজ সভাপতির নেতৃত্বে এলাকার এনামুল হক জুয়েল, মাজহারুল হক, দুলাল মিয়া, রাশেদুল ইসলামসহ সশস্ত্র লোকজন কলেজের অফিস কক্ষে গিয়ে অধ্যক্ষ কামাল উদ্দিন আহাম্মেদকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়োগের সকল কাগজপত্র ছিনিয়ে নেয়। পরে সন্ত্রাসীরা অধ্যক্ষকে একটি কক্ষে নিয়ে মারধর করে। এ সময় অধ্যক্ষকে বাঁচাতে আসা অন্যান্য শিক্ষক ও লোকজন হামলার শিকার হন। পুলিশ কলেজে এসে অধ্যক্ষ কামাল উদ্দিন আহাম্মেদকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
অভিযুক্ত আলী ইমাম কাউছার রুবেলের সাথে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।