গাজীপুরে বিলের পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। গাজীপুর মহানগরীর পূবাইলের বারইবাড়ি এলাকায় বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, গাজীপুর মহানগরীর পূবাইলের বারইবাড়ি এলাকার মৃত কাজী আয়েত আলীর ছেলে মো. নজরুল ইসলাম (৫০) ও উত্তরা হাই স্কুলের নবম শ্রেনীর ছাত্র রাকিব হোসেন। সে রংপুরের মিঠাপুকুর এলাকার তাজপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে।
তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয়রা জানায়, বারইবাড়ি এলাকার টঙ্গীর মধুমিতা রোডের বাটারফ্লাই শোরুমের ম্যানেজার মো. নজরুল ইসলাম তার বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করেন। বৃহস্পতিবার আত্বীয় স্বজনরা তার বাড়িতে আসেন। বিকাল তিনটার দিকে নজরুল ইসলামের স্কুল পড়ুয়া ছেলে অর্নব ও ভাগিনা ছাফাত এবং তার বন্ধু রাকিব হোসেন বাড়ির পাশের বিলে গোসল করতে যায়। এক পর্যায়ে তারা বিলের পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় তাদের ডাক চিৎকারে নজরুল ইসলাম উদ্ধার করতে যায়। এসময় নজরুল পানিতে নামলে শিশুরা বাঁচার জন্য নজরুলকে জড়িয়ে ধরে। ছাফাত ও অর্নবকে নজরুল পানি থেকে উদ্ধার করতে পারলেও এক পর্যায়ে তিনি ও রাকিব হোসেন পানির নিচে তলিয়ে যান। পরে আশেপাশের লোকজন তাদের দুজনকে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলেই মারা যায় রাকিব হোসেন। গুরুতর আহত অবস্থায় নজরুলকে ঢাকার হাসপাতালে নেয়ার পথে মারা যান। নিহত নজরুল ইসলাম পূবাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী আলী হোসেনের ছোট ভাই।