শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটের লৌহজং টানিংয়ের চ্যানেলের মুখে সৃষ্টি হয়েছে এক ডুবোচর। উজান থেকে পানির সাথে ধেয়ে আসা পলিমাটি ও বালু জমে প্রায় ৫শ’ ফুট এলাকা জুড়ে এ ডুবোচরের সৃষ্টি হয়েছে। আসন্ন ঈদে যা আরো বড় হয়ে চ্যানেলের মুখ বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে বিআইডব্লিউটিসি।
বিআইডব্লিউটিসির মেরিন অফিসার একেএম শাহজাহান জানান, চরটির উপরে এখন ৭/৮ ফুট পানি রয়েছে। এতে ফেরিগুলো এখন সরাসরি চ্যানেলে প্রবেশ করতে পারছে না। ফেরিগুলো এখন ডুবোচরের নীচের দিকে গিয়ে তারপর ধীরে ধীরে চ্যানেলে প্রবেশ করছে। কিন্তু একই সময়ে বিপরীতমুখী দু’টি ফেরি চ্যানেল অতিক্রম করতে দেখা দিচ্ছে বিপত্তি। ডুবোচরের ওই অংশে একটি ফেরিকে অতিক্রমের জন্য অপরটিকে নদীতে ভাসমান অবস্থায় অপেক্ষা করতে হয়। কারণ একই সঙ্গে ওই স্থান দিয়ে দু’টি ফেরি প্রবেশ করা সম্ভব হয় না।
তিনি আরো জানান, বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক আব্দুল হাই, যুগ্ম পরিচালক (নৌ-নিরাপত্তা) সাইফুল ইসলাম, ঊর্ধ্বতন উপ-পরিচালক আব্দুস সালাম ও উপ-পরিচালক আজগর আলীকে সাথে নিয়ে গত বুধবার ওই এলাকা পরিদর্শন করা হয়।