‘ক্যামেরার সামনেই নিজেকে খুঁজে পাই’

দীর্ঘদিন বিরতির পর এখন নিয়মিত অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। আসছে ঈদ উপলক্ষে এরইমধ্যে একটি টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। অভিনয় করছেন একটি ধারাবাহিক নাটকেও। এবার ঈদে চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘অনুমতি প্রার্থনা’ টেলিফিল্মে অভিনয় করেছেন শমী। টেলিফিল্মে তার সহশিল্পী মাহফুজ আহমেদ ও বিপাশা হায়াত।

 
১১ বছর পর আবারও একসাথে পর্দায় দেখা যাবে এ তিনজনকে। টেলিফিল্মটির শুটিং হয়েছে বান্দরবানে।
 
কাজে নতুনভাবে ফিরে আসা প্রসঙ্গে শমী বলেন, ‘ভালো লাগছে মাঝে আবারও কাজে ফিরে। ব্যক্তিগত কাজের জন্য এতদিন অভিনয় করতে পারিনি। মাহফুজ ও বিপাশার সাথে কাজ করে মনে হচ্ছে আবারও ঘরে ফিরেছি। প্রায় একসাথে পথচলা শুরু আমাদের। ক্যামেরার সামনেই নিজেকে খুঁজে পাই।’
 

ঈদের নাটক ছাড়া কয়েকটি ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন শমী। নাটকের এখনকার অবস্থা ও নতুনদের প্রসঙ্গে শমী বলেন, ‘নতুনরা ভালোই করছে। পরিশ্রমটা আরও প্রয়োজন। আগে নিজেকে অভিনয়ে পুরোপুরি গড়ে তুলতে হবে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে সংলাপ বলে যাওয়াই কিন্তু অভিনয় নয়।’