প্রেম করে বিয়ের পরে যৌতুক না পেয়ে স্ত্রীকে পতিতালয়ে বিক্রি করে দিয়েছে স্বামী। এ ঘটনায় আদালতে মামলা হলে গত বুধবার রাতে পতিতালয় থেকে ওই স্ত্রীকে উদ্ধার করেছে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় স্বামীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
গাজীপুর সদর উপজেলার শিরিরচালা গ্রামের রানা মিয়া তার স্ত্রীকে ৬৩ হাজার টাকায় দৌলতদিয়া পতিতালয়ে বিক্রি করে দেয়। এ ঘটনায় ওই গৃহবধূর ভগ্নিপতি আব্দুল বাতেন গত ২১ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোর্ট পিটিশন মামলা করলে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন গাজীপুরকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ গত বুধবার রাতে তাকে উদ্ধার করে।
তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক খোন্দকার শওকত জাহান জানান, আড়াই বছর আগে রানা বিয়ে করে। মাদকাসক্ত রানা যৌতুকের জন্য প্রায়শ স্ত্রীকে চাপ দিতে থাকে। গত ৩ জুন এক দালালের মাধ্যমে দৌলতদিয়া পতিতালয়ে স্ত্রীকে বিক্রি করে সে। এক খদ্দেরের মাধ্যমে মোবাইল ফোনে ওই গৃহবধূ তার মাকে খবরটি জানায়। পুলিশ গত ২৪ জুন প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ওই খদ্দেরকে শনাক্ত করেন। পরে গত বুধবার রাতে দৌলতদিয়া পতিতালয়ে অভিযান চালিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করেন। এ ঘটনায় গতকাল গাজীপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।