অর্ন্তবাস হিসেবে ব্যাবহার করা ব্রিটেনের রানি ভিক্টোরিয়ার এক জোড়া জাঙিয়া নিলামে উঠছে। নিলাম প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা রিচার্ড এডমন্ডস বলেন, ‘এগুলোর কোমরের মাপ ৪৫ ইঞ্চি। জীবনের শেষ ১০ বছরে রানি এগুলো ব্যবহার করতেন।’ খবর বিবিসির।
ওই কর্মকর্তা বলেন, ‘প্রথম জীবনে রানি যথেষ্ট হালকা-পাতলা ছিলেন। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার কোমরের মাপ বড় হতে থাকে।’ তিনি জানান, ‘রানি ভিক্টোরিয়ার বিভিন্ন বয়সের এত ছবি আছে যে, অন্তর্বাস জোড়া তার কোন বয়সের, তা বুঝতে খুব কষ্ট হয় না।’
ভিআর অর্থাত্ তার নামের আদ্যক্ষর-খচিত এই পোশাক ইংল্যান্ডের সাসেক্স কাউন্টির এক জাদুঘরের পক্ষ থেকে আগামী ১১ জুলাই নিলামে তোলার কথা। ইয়েস্টারডেজ ওয়ার্ল্ড নামে ওই যাদুঘর কর্তৃপক্ষ রানির ১২৫ বছরের পুরনো এই পোশাক কিনেছিলেন তার একজন একান্ত পরিচারীকার কাছ থেকে।
জানা গেছে—একই দিন নিলামে উঠবে রানি ভিক্টোরিয়ার তৃতীয় কন্যা অ্যালিসের ব্যবহূত জুতা ও মোজা।
ধারণা করা হচ্ছে—১১ জুলাইয়ের নিলামে কয়েক হাজার পাউন্ডে বিক্রি হবে রাজপরিবারের এ সব পোশাক। এর আগে ২০১৪ সালে এক নিলামে রানি ভিক্টোরিয়ার হাঁটু-মাপের একটি অন্তর্বাস ৬২০০ পাউন্ডে বিক্রি হয়েছিল।