আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিশ্বব্যাংকের সূচকে বাংলাদেশ এক ধাপ এগিয়েছে। এতে বিশ্ব সম্প্রদায়সহ অনেকেই বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে। খালেদা জিয়ার কাছেও এ ধরনের কিছু আশা করেছিল জাতি। কিন্তু তিনি জাতিকে হতাশ করেছেন। আসলে উনি এখনো হীনমন্যতা থেকে বের হতে পারেননি।’
শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘প্রেক্ষাপট চলমান রাজনীতি: বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই দেশ ও জাতির উন্নয়ন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ স্বাধীনতা পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা এই আলোচনা সভার আয়োজন করে।
‘বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই। আদালতে গিয়ে কোনো বিচার পাওয়া যায় না।’ সম্প্রতি খালেদা জিয়ার এ বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘মন্ত্রীর বিরুদ্ধেও বাংলাদেশের আদালত রায় দেয়। এর পরও কি প্রমাণিত হয় না, বিচার বিভাগ স্বাধীন? দয়া করে বিচার বিভাগকে নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলবেন না।’
বিএনপি নেত্রীর উদ্দেশে হাছান মাহমুদ বলেন, ‘রাষ্ট্রের সংবিধান আছে—এর বাইরে যাওয়া সম্ভব না। তাই দয়া করে আগাম নির্বাচন নিয়ে কথা বলবেন না। আগে দল গোছান। দলের ভেতরে শুদ্ধি অভিযান চালান। নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। তারপরে নির্বাচনে আসুন। আর সে নির্বাচন হবে ২০১৯ সালে।’
হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র করে ক্ষমতায় আসেনি। জিয়াউর রহমান ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। খালেদা জিয়াও সেটা করার চেষ্টা করেছিলেন। কিন্তু তার সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।’
আয়োজক সংগঠনের সভাপতি করিম আহমেদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন—বাংলাদেশ স্বাধীনতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জিন্নাত আলী খান, সাধারণ সম্পাদক ফজলুল হক, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।