তিউনিসিয়ায় সমুদ্র সৈকতে বিদেশি পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় সন্দেহভাজন আট জনকে আটক করা হয়েছে। হামলায় জড়িত সন্দেহে আরও কয়েক জনকে খুঁজছে পুলিশ। এরকম অবস্থায় নতুন করে আবারও হামলার আশঙ্কা করছে নিরাপত্তা সংস্থাগুলো।
গত ২৬ জুন তিউনিসিয়ার সৌসে শহরের সমুদ্র সৈকতে একটি হোটেলের বাইরে সন্ত্রাসী হামলায় ৩৯ জন বিদেশি পর্যটক নিহত হন। সাইফ রেজগুই নামের এক ব্যক্তি মারহাবা ইম্পেরিয়াল হোটেলের বাইরে একাই হামলা চালিয়েছিল বলে নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে।
তাদের ধারণা, হামলাকারী সাইফ রেজগুই মার্চ মাসে তিউনিসের জাদুঘরে হামলা করে ২১ জনকে হত্যার সঙ্গেও জড়িত ছিলেন। তিউনিসিয়ার পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী জানান, একটি নির্দিষ্ট সন্ত্রাসী গ্রুপ লিবিয়ায় প্রশিক্ষণ নিয়ে বারদো জাদুঘর ও সৌসে হামলা চালিয়েছে।
সাউসে হামলার ঘটনায় আটককৃত এক নারীসহ ১২ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে নিরাপত্তা বাহিনী। এছাড়া তদন্ত কার্যক্রম শুরু করেছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা স্কটল্যান্ড ইয়ার্ড। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, হামলা পরিকল্পনার সঙ্গে জড়িত আরও দু’জন সন্দেহভাজনকে খোঁজা হচ্ছে। এ অবস্থায় অন্য ‘স্লিপার সেলগুলো’ দেশটিতে হামলা চালাতে পারে আশংকা প্রকাশ করা হয়েছে। সূত্র: বিবিসি