গণতান্ত্রিক ধারার রাজনীতিতে ফিরে আসুন: খালেদা জিয়াকে নাসিম


আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গণতান্ত্রিক ধারার রাজনীতিতে ফিরে এসে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের অধীনে ইন্সটিটিউট অব হেলথ টেকনোলোজির উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান।

নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। খুব শিগগিরই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হবে।

খালেদা জিয়াকে উদ্দেশে করে তিনি বলেন, আন্দোলন ও নির্বাচন থেকে পালানোর অভ্যাস ত্যাগ করে ২০১৯ সালের নির্বাচনে অংশ নেবার জন্য প্রস্তুতি নিন। তা না হলে আপনি (খালেদা) জনবিচ্ছিন্ন হয়ে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন।

আব্দুল মোক্তাদির বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবকে এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আহমেদুল কবির, নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মোল্লা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারন সম্পাদক খলিলুর রহমান, স্বোচ্ছাসেবক লীগের জিহাদ আল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।