সিরিয়ায় বিমান হামলায় 'আত্মঘাতীদের আমির' নিহত

সিরিয়ায় জোটবাহিনীর বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) এক সিনিয়র নেতা নিহত হয়েছেন। তিনি আত্মঘাতী বোমা হামলা সমন্বয়, জিহাদিদের জন্য অর্থ ও যোদ্ধা সংগ্রহের দায়িত্ব পালন করতেন। তাকে আইএস'র ‘আত্মঘাতী বোমা হামলাকারীদের আমির’ বলা করা হতো।
 
এক বিবৃতিতে পেন্টাগন মুখপাত্র নেভি ক্যাপ্টেন জেফ ডেভিস বলেন, গত ১৬ জুন সিরিয়ার উত্তরাঞ্চলীয় শাদ্দাদি নগরীতে জোটের বিমান হামলায় আইএস নেতা তারিক আল-হারজি নিহত হয়েছেন। এদিকে মাত্র একদিন আগে ইরাকে এক বিমান হামলায় তার ভাই আলী নিহত হন। তিনি আইএসের সদস্য সংগ্রহের দায়িত্ব পালন করতেন এবং ২০১২ সালের বেনগাজি হামলার সাথে জড়িত ছিলেন।
 
ওয়াশিংটন ৩৩ বছর বয়সী তিউনিসিয়ার নাগরিক তারিকের মাথার দাম হিসেবে ৩০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল।
 
যুক্তরাষ্ট্র জানায়, ২০১৩ সালের শেষের দিকে হারজি ইরাকে আত্মঘাতী ও গাড়িবোমা হামলা সমন্বয়ের প্রধান ব্যক্তি ছিলেন। এছাড়া তিনি ইসলামিক স্টেট গ্রুপের জন্য উপসাগরীয় অঞ্চলের দাতাদের কাছ থেকে তহবিল সংগ্রহেরও কাজ করতেন। পেন্টাগন জানায়, তার নিহত হওয়ার ঘটনা আইএস গ্রুপের জন্য একটি বড় আঘাত। সূত্র: এএফপি