জেলার ফতুল্লায় খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিনা টিকেটে ভেতরে প্রবেশ করতে গিয়ে দর্শকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় অন্তত ১৫ জন আহত হয়েছে। শুক্রবার দুপুর একটায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা বনাম বিসিবি একাদশের মধ্যে টি টোয়েন্টি খেলার আয়োজন করা হয়। বিনা টিকেটে এদিন স্টেডিয়ামে প্রবেশ সবার জন্য উন্মুক্ত করা হয়। আর এ কারণে দুপুর থেকেই হাজার হাজার মানুষ স্টেডিয়ামের আশেপাশে ভিড় করে। দুপুর একটার দিকে গ্যালারি পরিপূর্ণ হলেও কয়েক শ জনতা স্টেডিয়ামের পূর্ব ও পশ্চিম গ্যালারির ব্যারিকেড ডিঙানোর চেষ্টা করে। আইন শৃঙ্খলা বাহিনী এতে বাধা দিলে দর্শকদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও র্যাব সদস্যরা লাঠিচার্জ করে। এতে অন্তত ১৫ জন আহত হয়। এদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
ফতুল্লা মডেল থানার এএসপি মোহাম্মদ শরফুউদ্দিন জানান, অতিরিক্ত ভিড়ের কারণে কিছুটা উত্তেজনা ছিল। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।