২২ বছরের শিরোপা খরা ঘোচাতে শনিবার চিলির মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা


বিগত ২২ বছরের মধ্যে বড় কোন শিরোপা জয় করতে পারেনি আর্জেন্টিনা। এ শিরোপা খরা ঘোচাতে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টাইন গোল্ডেন জেনারেশন শেষ সুযোগ হিসেবে পৌঁছেছে কোপা আমেরিকার ফাইনালে। যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক চিলি।

ল্যাতিন ফুটবলের এই দুই পরাশক্তির মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াইটি অনুষ্ঠিত হবে চিলির এস্তাদিও ন্যাশিওনালে। যে ম্যাচ দিয়ে পর্দা নামবে দক্ষিন আমেরিকার তিন সপ্তাহের ফুটবল উৎসবের। এই ম্যাচে ফেভারিট আর্জেন্টিনার প্রতিপক্ষ চিলি স্বাগতিক হওয়ায় দুই দলের মধ্যে থেকে আলাদা কোন দলকে জয়ের জন্য সেভাবে আগাম চিহ্নিত করা যাচ্ছে না।


মেসির নেতৃত্বাধীন তারকা সমৃদ্ধ আর্জেন্টিনা অবশ্য এই ম্যাচে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠেছে। কারণ ১৯৯৩ সালের পর থেকে দেশটি কোন আন্তর্জাতিক শিরোপা ঘরে তুলতে পারেনি।