সিরিয়ায় জোট বাহিনীর বিমান হামলায় ইসলামিক স্টেটের এক সিনিয়র নেতা নিহত হয়েছেন। তিনি আত্মঘাতী বোমা হামলা সমন্বয় এবং জিহাদিদের জন্য অর্থ ও যোদ্ধা সংগ্রহের দায়িত্ব পালন করতেন। স্থানীয় সময় বৃহস্পতিবার পেন্টাগন এ কথা জানিয়েছে। খবর এএফপির।
এক বিবৃতিতে পেন্টাগন মুখপাত্র নেভি ক্যাপ্টেন জেফ ডেভিস বলেন, ‘গত ১৬ জুন সিরিয়ার উত্তরাঞ্চলীয় শাদ্দাদি নগরীতে জোটের বিমান হামলায় আইএস নেতা তারিক বিন তাহের আল-আওনি আল-হারজি নিহত হয়েছেন।’
এ দিকে, মাত্র একদিন আগে ইরাকে এক বিমান হামলায় তার ভাই আলী নিহত হন। তিনি আইএসের সদস্য সংগ্রহের দায়িত্ব পালন করতেন এবং ২০১২ সালে চালানো বেনগাজি হামলার ঘটনার সাথে জড়িত ছিলেন।
ওয়াশিংটন ৩৩ বছর বয়সী তিউনিশিয়ার নাগরিক হারজির মাথার দাম হিসেবে ৩০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল। আগে তাকে আইএস গ্রুপের ‘আত্নঘাতী বোমা হামলাকারীদের আমির’ হিসেবে অভিহিত করা হতো।
যুক্তরাষ্ট্র জানিয়েছে—২০১৩ সালের শেষের দিকে হারজি ইরাকে আতত্মঘাতী ও গাড়িবোমা হামলা সমন্বয়ের প্রধান ব্যক্তি ছিলেন।
এ ছাড়া, ইসলামিক স্টেট গ্রুপের জন্য উপসাগরীয় অঞ্চলের দাতাদের কাছ থেকে তহবিল সংগ্রহেরও কাজ করতেন।
পেন্টাগন জানিয়েছে—তার নিহত হওয়ার ঘটনা আইএস গ্রুপের জন্য একটি বড় আঘাত।