সিসি ক্যামেরায় খুনিদের ছবি, তবু ধরা পড়েনি কেউ

রাজধানীর কলাবাগান থানার সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরায় সাবেক এমপি নূরুল ইসলাম বিএসসির ভাগ্নে ওবায়দুল হককে গুলি করে খুনিদের পালানোর দৃশ্য ধরা পড়েছে। কিন্তু হত্যাকাণ্ডের এক সপ্তাহ পরও পুলিশ কাউকে ধরতে পারেনি।

 
পুলিশ কর্মকর্তারা বলছেন, ওবায়দুলকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। হত্যাকারীরা তিনজন ছিলেন। একটি মোটরসাইকেলে এসে গুলি করে তাদের পালিয়ে যাওয়ার দৃশ্য থানার সিসি ক্যামেরায় ধরা পড়েছে। তবে বৃষ্টির  কারণে তাদের চেহারা স্পষ্ট করে বোঝা যাচ্ছে না ।
 
গত ২৬ জুন রাত সাড়ে ১২টার দিকে সার্কুলার রোডের বাসায় ফেরার পথে কলাবাগান থানার সামনের গলিতে দুর্বৃত্তরা গুলি করে কোয়ালিটি আইসক্রিমের ব্র্যান্ড ব্যবস্থাপক ওবায়দুল হককে হত্যা করে। হত্যার ঘটনায় ওবায়দুলের খালাতো ভাই ইয়াসির মো. আদনান বাদি হয়ে কলাবাগান থানায় একটি মামলা করেন।
 
কলাবাগান থানার ওসি মোহাম্মদ ইকবাল জানান, তদন্তে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু পাওয়া যায়নি। তবে হত্যার ধরণ দেখে পরিকল্পিত বলে মনে হচ্ছে। ছিনতাইকালে বাধা দেয়ার কারণে গুলির ঘটনাও ঘটতে পারে, এ বিষয়টিও তদন্ত করা হচ্ছে।
 
ওসি আরো জানান, থানার সামনে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একটি মটরসাইকেলে তিনজন যাচ্ছেন এবং তাদের কাছে ওবায়দুলের ব্যাগটি দেখা যাচ্ছে। তবে সে সময় বৃষ্টি হওয়ায় তাদের চেহারা স্পষ্ট করে বোঝা যাচ্ছে না। তবে ফুটেজটি আরও পর্যবেক্ষণ করা হবে। চট্টগ্রাম থেকে নিহতের কয়েকজন ঘনিষ্ঠ লোক ঢাকায় এসেছেন। তাদেরও ফুটেজটি দেখানো হবে।
 

এদিকে মামলার তদন্ত সংশ্লিষ্ট পুলিশের একজন কর্মকর্তা জানান, চাকরি, পারিবারিক বা অন্য কিছু নিয়ে ওবায়দুলের কারও সঙ্গে বিরোধ ছিল এ রকম কোন তথ্য এখনো পাওয়া যায়নি।