লক্ষ্মীপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার করা হয়েছে। মো. আরিফ হোসেন (২০) নামে ওই আসামিকে লক্ষ্মীপুর ক্যাম্প র্যাব-১১ শুক্রবার গভীর রাতে গ্রেফতার করে।
জানা গেছে, লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজারে একটি বাসে তল্লাশি চালানো হয়।
লক্ষ্মীপুর র্যাব-১১ কোম্পানি অধিনায়ক ও উপ-পরিচালক মেজর এ.জেড.এম. সাকিব সিদ্দিকী জানান, গত ২৯ জুন উপজেলার দক্ষিণ মজুপুর গ্রামের মো. আমিনের মেয়েকে আরিফ ও তার সহযোগীরা জোরপূর্বক সিএনজি চালিত অটোরিকশা দিয়ে অপহরণ করে। পরে ওই মেয়েটিকে রাজিবপুরে নিয়ে একটি টিনের পরিত্যক্ত ঘরে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। ওই ঘটনায় একটি ধর্ষণ মামলা হয়।
গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ জকসিন বাজারের জননী সার্ভিস নামক একটি বাস থামিয়ে তল্লাশি করে আরিফকে গ্রেফতার করে।