ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ঢাবির ছাত্র নিহত


ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আমিনুর রহমান (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো চারজন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ পৌরসভার শিবনগর গুলশানমোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আমিনুর যশোরের সদর উপজেলার চুড়াামনকাটি বাগডাঙ্গা গ্রামের জয়নাল ব্যাপারীর ছেলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংর্ঘষ বিভাগের মাস্টার্সের ছাত্র।

আহতরা হলেন- উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল সাত্তার (৫৫), মিনি (৪০), রিতু (২০) ও ইকবার (৪০)। তাদের যশোর মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, বালিয়াডাঙ্গা বাজার থেকে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা কালীগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। এ সময় শিবনগর গুলশানমোড় এলাকায়  একটি স্যালো চালিত নসিমনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় এতে আমিনুর রহমানসহ পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নওসিন ইসলাম আমিনুরকে মৃত ঘোষণা করেন। অন্যদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে যশোর মেডিকেল কলেজ  হাসপাতালে রেফার্ড করা হয়েছে।